মায়া
ভাবছি আর ফিরবো না কোনোদিন ঘরে।
আর কোনো দাবি নিয়ে দাঁড়াবো না তোমার সামনে।
বিবেকের আদালতে হোক যাবজ্জীবন কারাদন্ড কিংবা ফাঁসি
তবুও আর বলবো না তোমায়- সত্যি ভালবাসি।
দু’দন্ড শান্তি দাও, সকল মায়া রেখে যাবার দিনই তো এলো !
কর্কট রোগে যদি মরেই যাবো তবে সেটা হোক নির্জনে।
জীবনের মায়ায় নষ্ট করেছি বেঁচে থাকার আনন্দগুলো
বহু স্যান্ডেলের তলা ক্ষয়ে চষে বেড়িয়েছি খাবারের সন্ধানে
অনেক হয়েছে দাঙ্গা-হাঙ্গামা রুটি-রোজগারে
বেঁচেই যদি না থাকি তবে কেনো এতো হাহাকার !
বরং কোনো এক দ্বীপে জোনাকী আলোয় নিভে যাক জীবনপ্রদীপ
নিথর দেহটা পড়ে থাক, ভেসে যাক স্রোতে বহুদূরে।